সাতক্ষীরায় মো. শাহাবুদ্দিন (২৭) নামে এক রাখাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার ভোরে সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের বিপরীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাহাবুদ্দিন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা আদর্শ গ্রামের এছহাক আলীর ছেলে।
সংশ্লিষ্ট ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল হোসেন গাজী বলেন, মামলা এড়ানোর জন্য ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় সর্বোচ্চ গোপনীয়তার মধ্যদিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান ইসরাইল জানান, এ ঘটনার পরে তার সঙ্গে বা পরিষদের সাথে কোনরকম যোগাযোগ করেনি শাহাবুদ্দিনের পরিবার। ফলে বর্তমানে তাদের কী অবস্থা তিনি তা বলতে পারেন না।
ইউপি মেম্বর আব্দুল গনি জানান, রোববার ভোরে গরু নিয়ে দেশে ফেরার সময় ভারতের পানিতর স্লুইস গেটের পাশে শূন্যরেখা এলাকায় রাখালদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ।
এ সময় শাহাবুদ্দিনের বাম পায়ে গুলি লাগে। সহযোগীরা উদ্ধার করে গোপনে চিকিৎসা দিতে থাকে। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অবস্থার অবনতি হলে রোববার তাকে গোপনীয়তায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা এলাকাবাসী সূত্রে জেনেছেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক খন্দকার গোলাম মহিউদ্দিন বলেন, রোববার সকালে এ ধরনের হুবহু একটি ঘটনা শুনেছি। তবে বিএসএফ এ ধরনের ঘটনা বারবারই অস্বীকার করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুলনায় লোক পাঠানো হচ্ছে ঘটনার সত্যতা নিশ্চিত করতে।