এমপি ফি‌রোজ রশী‌দের পুত্রবধূ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) নেতা কাজী ফি‌রোজ রশী‌দের পুত্রবধূ মে‌রিনা শোয়েব গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কে‌ন্দ্রে (আইসিইউ) আছেন।

পু‌লি‌শের ধানম‌ন্ডি অঞ্চ‌লের অতি‌রিক্ত উপকমিশনার আবদুল্লাহীল কা‌ফি জানান, রোববার রা‌ত সাড়ে ৯টার দি‌কে মেরিনা গুলিবিদ্ধ হন। রা‌তেই তাকে ল্যাবএইড হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। রাতে চি‌কিৎস‌কেরা অস্ত্রোপচার ক‌রে তার পেট থে‌কে গু‌লি বের ক‌রেন।

ল্যাবএইড হাসপাতা‌লের সহকারী মহাব্যবস্থাপক সাইফুর রহমান লে‌নিন ব‌লেন, মে‌রিনার বিপদ কাটেনি। তি‌নি এখনো আইসিইউতে আছেন।

পু‌লিশ সূত্র জানায়, মে‌রিনা গত তিন বছর ধ‌রে স্বামীর থেকে আলাদা থাকেন। তবে দুই সন্তানসহ তিনি সাংসদের ধানম‌ন্ডির বাসা‌তেই থাক‌েন।

রা‌তে কাজী ফি‌রোজ রশী‌দের ছে‌লের লাই‌সেন্স করা অস্ত্র দি‌য়ে তিনি গু‌লি চালান। পরে এমপি পুত্রবধূ‌কে হাসপাতা‌লে নি‌য়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।