ভারতে মেয়েরা প্রতি মুহূর্তে কতটা অপমানের সম্মুখীন হন- সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ঘটনা উল্লেখ করে সেই কথা আরেকবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী এষা গুপ্তা।
তিনি জানান, শরীর স্পর্শ না করেও একজন নারীকে অসম্মান করতে বিকৃতমনস্ক পুরুষের চাহনিই যথেষ্ট।
ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি দিল্লির একটি রেস্তোরাঁয় ডিনার সারতে যান এষা। সেখানেই তার সামনের একটি টেবিলে বসেন রোহিত ভিজ নামের এক ব্যক্তি।
এষা লেখেন, রোহিত তার দিকে অত্যন্ত কুরুচিকর দৃষ্টিতে তাকিয়ে ছিলেন পুরো সময় ধরে। তার তাকানো এতটাই অস্বস্তিকর ছিল যে এষার কথায়, মনে হচ্ছিল তিনি ধর্ষিত হচ্ছেন।
এষা ইনস্টাগ্রাম ও টুইটারে বলেন, “একজন সেলিব্রিটিকে যদি এমন একটি পরিস্থিতিতে পড়তে হয়, তবে একজন সাধারণ মেয়েকে যে কতটা হেনস্তা হতে হয়ে, তা ভেবেই শঙ্কিত হচ্ছি।”
নায়িকার ওই পোস্ট ঘিরে যথারীতি শোরগোল পড়ে যায়। এষা বরাবরই বেশ স্পষ্টবক্তা তাই তিনি অভিযুক্তকে ছেড়ে কথা বলেননি। এবারও তাই করলেন। তাকে সমর্থন দিচ্ছেন অনুসরণকারীরা।
এষা সম্প্রতি সংবাদের শিরোনাম ‘ওয়ান ডে জাস্টিস ডেলিভারড’ সিনেমার জন্য। ৫ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি।