হাটে গরু বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় মুসলিমদের মারধর করে জোর করে গো মাতা কি জয় বলানো হলো। রবিবার ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের একটি হাটে গবাদি পশু বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ২৪ জনের একটি দলকে গায়ের জোরে ‘গো মাতা কি জয়’ বলানোর অভিযোগ উঠছে। এ সময় তাদের মারধরও করা হয়।
মধ্যপ্রদেশের খন্ডওয়া জেলায় গো-রক্ষকের একটি দল এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, দলের ১৫ জনের হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটু মুড়ে বসিয়ে ওই অবস্থাতেই চলতে বাধ্য করা হয়। তখনও তাদের মুখে শোনা যাচ্ছে ‘গো মাতা কি জয়’ স্লোগান। দলটির বেশ কয়েকজন মুসলিম ছিলেন।
জেলা পুলিশ কর্মকর্তা শিবদয়াল সিং বলেন, “পশু সরবরাহকারীরা মালবাহী গাড়ি এবং গবাদি পশুর মালিকানার দাবি জানালেও তারা সেই মালিকানা প্রমাণ করতে পারেননি।”
তবে তাদের ওপর এই নির্যাতনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি প্রশাসন। তবে জেলা পুলিশ বলছে, তদন্ত শুরু হয়েছে।