মুক্তির পরপরই বলিউড সিনেমা ‘কবির সিং’-এর বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ ওঠে। সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মন্তব্যে বিতর্কের পারদ চড়েছে।
শহীদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। তৃতীয় রোববার পর্যন্ত আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, অচিরেই চলতি বছরের প্রথম অর্ধেকের সবচেয়ে সফল সিনেমার কাতারে নাম লেখাবে।
এই সিনেমায় প্রেমিকাকে চড় মারতে দেখা যায় কবির সিং-রূপী শহীদ কাপুরকে। এরই সঙ্গে বাস্তব জীবনকে মেলাতে চান পরিচালক সন্দীপ। কয়েক দিন আগে সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
তার মতে, আপনি কি প্রেমিকা বা স্ত্রীকে নিয়মিত মারধর করেন? এটা না করলে কিন্তু বুঝে নিতে হবে যে আপনাদের সম্পর্কে আবেগ-ভালোবাসা কিচ্ছু নেই!
সন্দীপ বলেন, “যে নারী আপনার নিজের, তাকে যদি সত্যিই ভালোবাসেন তাহলে তাকে চড় মারাই যায়। সম্পর্কে এই স্বাধীনতাটুকু না থাকলে সেই সম্পর্কে আসলে কিছু নেই। উল্টোও এ ক্ষেত্রে সত্যি। নারীও পুরুষকে চড় মারতেই পারেন।”
সন্দীপের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই বক্তব্য আপত্তিজনক বলে প্রতিবাদ করেছেন অনেকেই। এমনকি সাক্ষাৎকারটি শেয়ার করে ছবির নায়ক শহীদ কাপুর বিদ্রূপের মুখে পড়েছেন।