মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় উভয় পক্ষের ১৫টির বেশি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উভয়পক্ষের মধ্যে কয়েক দফা এই ধরনের ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই গাছবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম মেম্বার ও লালমিয়া মাতুব্বর এর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কয়েকদফা সংঘর্ষের ঘটনায় অর্ধ শতাধিক ব্যক্তি কম-বেশি আহত হয়।
গত ১৮ জুন সদর উপজেলা নির্বাচনের সময় এই দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষের হয়ে কাজ করে। তখনও একাধিকবার সংঘর্ষ হয়। সোমবার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই বেশ কতগুলো বাড়িতে হামলা ও ঘর-বাড়ি কুপিয়ে ও ভাঙচুর করা হয়। গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।