ব্রিটিশ আমলের আইন সংস্কার হচ্ছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ব্রিটিশ আমলের ভূমিবিষয়ক আইন পর্যায়ক্রমে যুগোপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন আইন তৈরির পাশাপাশি পুরনো আইন সংস্কার করা হচ্ছে। গতকাল সোমবার রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক কর্মশালায় তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ের ভূমি অফিসের কর্মকাণ্ড পরিবীক্ষণ করার পাশাপাশি আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। দুর্নীতির প্রমাণ পেলেই আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া কিছুদিনের মধ্যে হট-লাইনের কার্যক্রম শুরু হবে এতে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, নেতৃত্ব গুণাবলি প্রদর্শনের মাধ্যমে ভূমি অফিসে কর্মরত অধস্তনদের পরিচালনা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের ওপর নির্ভর করে ভুল পথে চলা যাবে না।