ক্র্যাবের সাবেক সভাপতি লাবলুর ইন্তেকাল

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লাবলু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার দুপুর পৌনে ৩টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার জানান, লাবলুর মরদেহ আজ বেলা ১১টার দিকে ভোরের কাগজ অফিসে (তার কর্মস্থল) নেওয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে দুপুর ১২টার দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ক্র্যাব কার্যালয়ে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা এবং দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজা হবে। পরে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ভোরের কাগজের সাংবাদিক সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলু ছয়বার ক্র্যাবের সভাপতি ছিলেন।