ঢাবি উপাচার্যের আশ্বাস

৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবি ফটকে অবস্থান নেন। পরে সাত কলেজের সাতজন প্রতিনিধি পাঁচ দফা দাবি পূরণের দাবিতে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাকে একটি স্মারকলিপি দেন। সেখানে উপাচার্য তাদের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর বলেন, উপাচার্য দ্রুততম সময়ের মধ্যে দাবির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করছি। যদি শিগগির দাবি পূরণ না হয়, আমরা আবারও কর্মসূচিতে যাব।

দাবি নিয়ে উপাচার্যের সিদ্ধান্তের বিষয়ে আবু বকর বলেন, ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের বিষয়ে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, যাতে আরও আগেই ফল প্রকাশ করা যায়। গণহারে অকৃতকার্যরা নিজ কলেজে আবেদন করবেন। স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন সাত কলেজের শিক্ষকরাই করবেন এবং প্রশ্ন পরিবর্তনের ক্ষেত্রে আগেই নোটিস দেওয়া হবে। একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত দ্রুত প্রকাশ করা হবে।