ক্ষমা না চাইলে কঙ্গনাকে বয়কট করবে সাংবাদিকেরা

মুম্বাইয়ের সাংবাদিকদের খেপিয়ে তুললেন কঙ্গনা রনৌত। প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই নায়িকা সিনেমার সংক্রান্ত খবর বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিতর্কে জড়াতে কঙ্গনার জুড়ি নেই। বলিউডের একাধিক তারকার সঙ্গে তার ঝামেলা। আদালত পর্যন্ত গড়িয়ে কিছু ঘটনা। তারপরও মুখে লাগাম দেওয়ার নাম নেই। সর্বশেষ রোববার প্রকাশ্যে তার রোষের শিকার হন এক চিত্রসাংবাদিক।

ওই দিন ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ সিনেমার গান প্রকাশের অনুষ্ঠান ছিল। সেখানে সাংবাদিক জাস্টিন রাও প্রশ্ন করলে কঙ্গনা পুরোনো প্রসঙ্গ তুলে কথার কামান দাগেন।

কঙ্গনা বলেন, “আপনি আমার সিনেমা ‘মণিকর্ণিকা’র ওপর আঘাত করেছিলেন। আমি কি একটি ছবি তৈরি করে ভুল করেছি? জাতীয়তাবাদের ওপর ছবি করার জন্য আমাকে আগ্রাসী দেশপ্রেমিক বলে দুষেছেন।”

সাংবাদিক এই অভিযোগ অস্বীকার করে বলেন, কঙ্গনা তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। এই কথা শুনে উল্টো কঙ্গনা জানান, তেমন কিছুই করছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ওই সাংবাদিকের সঙ্গে কঙ্গনার ঝামেলা শুরু ‘মণিকর্ণিকা’র সাংবাদিক সম্মেলন থেকে।

উরি হামলার পর পাকিস্তানে একটি ইভেন্টের আয়োজন করায় শাবানা আজমির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তিনি কেন পাকিস্তানে ‘মণিকর্ণিকা’ রিলিজ করছেন- এই প্রশ্ন ছিল ওই সাংবাদিকের। সেই ক্ষোভ কঙ্গনা এত দিন ধরে রেখেছেন।

সব মিলিয়ে ঘটনাটি খুব বাজে দিকে গড়ায়। এর পরপরই তর্ক-বিতর্কের ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

জাস্টিনের পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা। তারা মঙ্গলবার এই নিয়ে কথা বলতে যাচ্ছেন প্রযোজক একতা কাপুরের সঙ্গে।

এই দলে থাকছেন কয়েকজন সিনিয়র সাংবাদিক। তাদের একটাই দাবি- কঙ্গনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে তারা ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ ও নায়িকার সব ধরনের খবর বয়কট করবেন।