পুরো বাংলাদেশই আজ ধর্ষিত: মির্জা আব্বাস

বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে পুরো বাংলাদেশই ধর্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তিনি বলেন, আইনকানুনের দিক থেকেই বলেন, আইনশৃঙ্খলার দিক থেকেই বলেন, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সকল পর্যায় থেকেই দেশ আজ ধর্ষিত হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ওয়ারীর বনগ্রাম রোডের মসজিদ সংলগ্ন ধর্ষণের পর হত্যার শিকার শিশু সামিয়া আফরিন সায়মার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।

এসময় সায়মার বাবা আবদুস সালাম, সায়মার মাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন মির্জা আব্বাস। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।

মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাশার, যুবদল নেতা মোহাম্মদ শরীফ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে প্রায় একই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনও সায়মার বাসায় যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।