আগের স্বামীর সঙ্গে যোগাযোগ রাখায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর বিষ পান করে আত্মহত্যা করেছেন স্বামী।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- গার্মেন্টস শ্রমিক পলি বেগম ও তার স্বামী চা বিক্রেতা জাামাল হোসেন।

দুজনের বাড়ি পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার ময়দাশ্রীনগর গ্রামে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

এলাকাবাসী ও বাড়ির মালিক মোশারফ হোসেন দেশ রূপান্তরকে জানান, আগের স্বামীর সঙ্গে যোগাযোগ রাখায় পলির সঙ্গে জামাল হোসেনের প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার সকালে এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী পলিকে পিটিয়ে ও ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যার পর বিষ পান করেন স্বামী জামাল হোসেন।

এসময় আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলিকে মৃত বলে ঘোষণা করেন। পরে জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, স্বামী-স্ত্রী দুইজনেরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।