ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বিশেষ ট্রাইব্যুনালের আওতায় ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি

বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এক মাসের মধ্যে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এতে ডাকসু, হল সংসদ ও ছাত্রলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষকদের সর্বোচ্চ শান্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই’, ‘পরবর্তী ধর্ষিতা আমি হবার আগে, আমার সুরক্ষা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে’; ‘শিশুকামীদের ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই’; ‘বিকৃত মানুষরুপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার’; ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি লেখা ব্যানার প্রদর্শন করুন।

ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তার বলেন, ‘বাংলাদেশে ধর্ষণের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যান্য অপরাধের প্রকাশ্যে বিচার হলেও ধর্ষকদের বিচার হয় না। একটা খুনের চেয়ে কোন অংশে ধর্ষণকে ছোট মনে করি না। এ জন্য প্রকাশ্যে ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে ধর্ষকেরা ভয় পাবে।’

রোকেয়া হল সংসদের এজিএস ফাল্গুনী তন্বী বলেন, ‘সবকিছু সহ্যের সীমার বাইরে চলে গেছে। প্রতিনিয়ত ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এমনকি ছোট্ট শিশুরাও রেহাই পাচ্ছে না। ধর্ষককে সংশোধন নয়, বিনাশ চাই।’