একনেকে অনুমোদন

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ৯৮৭ কোটি টাকায় হচ্ছে ১৫ ভবন

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ১৫টি আবাসিক ও একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হচ্ছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই উন্নয়ন কাজের অর্থ বরাদ্দ হয়েছে। 

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পগুলো হলো- ১০তলা ছাত্রী হল ১টি, ১০তলা ছাত্র হল ১টি, গ্র্যাজুয়েট ও বিদেশি ছাত্রদের জন্য ১টি ৭তলা হোস্টেল, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১১তলা আবাসিক ভবন-১, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১১তলা আবাসিক ভবন-২, জুনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১১তলা আবাসিক ভবন-১, জুনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১১তলা আবাসিক ভবন-২, কর্মচারীদের জন্য ১০তলা আবাসিক ভবন, ১০তলা বিশিষ্ট ৩য় প্রশাসনিক ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভাগ সমূহের ১০তলা একাডেমিক ভবন-১, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভাগ সমূহের ১০তলা একাডেমিক ভবন-২, ভৌত বিজ্ঞান, কৃষি ও খনিজ বিজ্ঞান বিষয়ক বিভাগ সমূহের জন্য ১০তলা একাডেমিক ভবন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, বাংলা, ইংরেজি বিভাগ ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের জন্য ১০তলা একাডেমিক ভবন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের জন্য ৬তলা ভবন এবং ১০ তলা বিশিষ্ট ক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণ।

এছাড়া এই অর্থে শাবিপ্রবির কেন্দ্রীয় ওয়ার্কশপ, ৪তলা বিশিষ্ট মসজিদ, গ্যারেজ বর্ধিতকরণ, ক্যাম্পাসের প্রধান সড়কে দুইটি ব্রিজ ও বৈদ্যুতিক সাব স্টেশন নির্মিত হবে।