বিক্ষোভে প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে : ক্যারি লাম

গণবিক্ষোভের মুখে প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন হংকংয়ের চীনপন্থি শাসক ক্যারি লাম। বিলটি নিয়ে সরকারের সব তৎপরতা বিক্ষোভকারীরা নস্যাৎ করে দিয়েছে বলেও তিনি জানান। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্যারি লাম এমন মন্তব্য করেন।

তবে প্রতিবাদকারীদের দাবি অনুযায়ী বিলটি ‘পুরোপুরি প্রত্যাহার’ করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এই বিলকে কেন্দ্র করে হংকংয়ে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা বিরাজ করছিল। অস্থিরতা চলার মধ্যেই সরকার বিলটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

সংবাদ সম্মেলনে লাম বলেন, ‘সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ এবং সরকার আইন পরিষদে প্রক্রিয়াটি আবার শুরু করবে কি না, তা নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে। তাই আমি এখানে আবার বলছি, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। বিলটি মৃত।’ যদিও এর আগে তিনি বলেছিলেন, ২০২০ সালে বর্তমান আইন পরিষদের মেয়াদ শেষে বিলটি ‘মারা যাবে’। এই বিলটি হংকংয়ের বিচার সংক্রান্ত স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে এবং বেইজিংয়ের চীন সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে বলে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন।

এর আগে গত মাসে লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে ওই বিলটির জন্য ক্ষমা চান হংকংয়ের চীনপন্থি শাসক ক্যারি লাম। বিতর্কিত অপরাধী প্রত্যর্পণ বিলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিতেরও ঘোষণা দেন তিনি।