ঢাকা শহরকে ‘রিকশাশূন্য’ করা নিয়ে ডিএনসিসি মেয়রের বক্তব্য

‘আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকাকে রিকশামুক্ত করা হবে’ বলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় “বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় ‘২ বছরের মধ্যে ঢাকা শহরকে রিকশাশূন্য করা হবে : ডিএনসিসি মেয়র’ শিরোনামে সংবাদটির প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে মেয়র আতিকুল ইসলাম এই ধরণের কোনো বক্তব্য প্রদান করেননি। ডিএনসিসির পক্ষ থেকে প্রকাশিত এই সংবাদ সংশোধনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।”

উল্লেখ্য মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রিকশা প্রসঙ্গে বক্তব্য দিয়েছিলেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা শহরের ২০ হাজার কিলোমিটার সড়কের মধ্যে আমরা রিকশা বন্ধ করতে পেরেছি মাত্র ১০ কিলোমিটার সড়কে।

ডিএনসিসি মেয়র বলেন, ‘নব্বইয়ের দশকে কোরিয়ার সিউল শহরের ট্রাফিকের কী অবস্থা ছিল আর এখন কি উন্নতি হয়েছে শহরটিতে আমরা দেখতে পারি। আমাদের দেশের বাস খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এখন আমাদের এই অবস্থা দেখছি। কিন্তু ‘নলেজ শেয়ারিং’ এর মাধ্যমে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতার বিষয়ে জানতে পারছি। আমরা বিআরটি, মেট্রোরেলের মতো প্রকল্প বাস্তবায়ন করছি।’