তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির খোঁজে সার্চ কমিটি

রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজতে সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। এ কমিটি প্রতিটি ব্যাংকের জন্য তিনজন করে উপযুক্ত প্রার্থী বাছাই করে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। সরকার তিনজনের মধ্য থেকে প্রতিটি ব্যাংকের জন্য একজন করে এমডি নিয়োগ দেবে।

গত ৪ জুলাই সার্চ কমিটি গঠন করা হলেও প্রজ্ঞাপনটি গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক

প্রতিষ্ঠান বিভাগ। এ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠনের কথা বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সরকার মনোনীত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর একজন চেয়ারম্যান, সরকার মনোনীত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের ডিজিটাল ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন একজন পরিচালক। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সার্চ কমিটি প্রতিটি ব্যাংকের জন্য তিনজন উপযুক্ত প্রার্থী বাছাই করে একটি তালিকা প্রস্তুত করে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। সরকার অনুমোদিত প্রার্থীকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ সাপেক্ষে এমডি ও সিইও পদে নিয়োগ দেবে।

তিন বছর মেয়াদে ২০১৬ সালের আগস্ট মাসে নিয়োগ পান সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের বর্তমান তিন এমডি। ফলে সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ সামস-উল ইসলাম ও রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানের মেয়াদ শেষ হয়ে আসছে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর জনতা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন মো. আব্দুছ ছালাম আজাদ।