জিয়ার আমলে ফাঁসির ঘটনা তদন্তে কমিশন চান ইনু

জিয়াউর রহমানের শাসনামলে সামরিক ট্রাইব্যুনালে সশস্ত্র বাহিনীর সদস্যদের ফাঁসির ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)এর সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি। ইনু বলেন, ‘কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা ছাড়াও জিয়ার সময়ে আরও অনেক হত্যার অভিযোগ উঠেছে। সেহেতু একটি কমিশন করে এর তদন্ত করা উচিত। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য ৭৭ সালের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করুন, শ্বেতপত্র প্রকাশ করুন। কারণ বিষয়টি দেশবাসীর জানা উচিত।’ তিনি আরও বলেন, ‘১৯৭৬ সালের ২১ জুলাই কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ঘটনা ঘটে। সেই মিথ্যা মামলায় আমিসহ অনেক রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তা সাজাপ্রাপ্ত হন। আমাদের রিটের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক ও শেখ জাকির হোসেন ২০১১ সালের ২২ মার্চ একটি রায় দেন। রায়ের দুটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যা এখনো বাস্তবায়ন হয়নি।’