ডুবন্ত যুবককে বাঁচালেন বিশ্বজয়ী সাঁতারু

সাবেক বিশ্বজয়ী এবং অলিম্পিক সাঁতারু ফিলিপো ম্যাগনিনি ডুবে যেতে থাকা এক যুবকের জীবন বাঁচিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সারদিনিয়ান সমুদ্র সৈকতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে সমুদ্রে ঝাঁপ দেন ম্যাগনিনি।

মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া ওই ব্যক্তির বন্ধু জানিয়েছেন, বাতাসের তোড়ে ভেসে যেতে যেতে সে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশে কোনো উদ্ধারকর্মী ছিলেন না।

ম্যাগনিনি ওই সময় কাছেই সাঁতার কাটছিলেন। দ্রুত তিনি সেদিকে অগ্রসর হয়ে ডুবে যেতে থাকা ব্যক্তিকে নিজের কাঁধে তুলে নেন।

ম্যাগনিনি পেশাদার সাঁতার থেকে ২০১৭ সালে অবসর নেন। অলিম্পিকে তার ব্রোঞ্জ আছে। এ ছাড়া ২০০৫ সালে ১০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতার পর ২০০৭ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেন।

অচেনা ব্যক্তির জীবন বাঁচিয়ে ম্যাগনিনি বলেন, ‘যেটা উচিত ছিল, সেটাই আমি করেছি।’