আরও টানটান মেজাজে ‘সেক্রেড গেমস’, সাক্ষী থাকলো ট্রেলার…

‘সেক্রেড গেমস’ প্রথম সিজনে বোঝা গিয়েছিল এখনই খেল খতম নয়। গণেশ গাইতোণ্ডে সম্পর্কে জানা এখনো ঢের বাকি। সেই সব ঘটনা জানাতে আসছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটির দ্বিতীয় সিজন।

মঙ্গলবার অনলাইনে প্রকাশ হয়েছে ‘সেক্রেড গেমস টু’র ট্রেলার। সেখানে জানা যায়, ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে সিরিজটির নতুন পর্ব মুক্তি পাবে।

ওই ভিডিও থেকে জানা যায়, সারতাজ সিং (সাইফ আলী খান) ও গণেশ গাইতোণ্ডের (নওয়াজউদ্দিন সিদ্দিকী) টানটান লড়াই এই পর্বেও থাকছে। বরং আগের সিজনের তুলনায় খানিকটা বেশিই। তাদের সঙ্গে পাল্লা দেবেন পঙ্কজ ত্রিপাঠী।

আরও বলা হচ্ছে, এই পর্বে আরও জমাট হবে রহস্য। পুরোটাই যেন জিগস পাজল। অসংখ্য ছোট ছোট ঘটনা ঠাস বুনোটে সাজিয়ে গণেশ গাইতোণ্ডের গল্প শোনাবেন পুলিশ অফিসার সারতাজ সিং।

তবে শুধু গণেশই নয় সারতাজের পেছনে আছে আরেক অদৃশ্য শত্রু। যার কোনো পরিকল্পনা পরিষ্কারভাবে বোঝা যায় না। কিন্তু লড়াইয়ে জিততেই হবে।  এমনও ইঙ্গিত আছে- সিরিজ শেষে পাল্টে যেতে পারে নায়ক-খলনায়কের সমীকরণ।

নতুন এই সিজনের আরও থাকছেন রণবীর শোরে ও কলকি কোঁকল্যা।

পরিবর্তন এসেছে পরিচালকের ক্ষেত্রেও। বিক্রম মোতয়ানির বদলে এই সিরিজে অনুরাগ কাশ্যপের সহকারী পরিচালক হিসেবে থাকছেন ‘মাসান’-খ্যাত নীরজ ঘেওয়ান।  আর প্রযোজনায় আগের মতোই আছেন সাইফ আলী খান।