উবারচালক থেকে যেভাবে জনপ্রিয় সংগীত তারকা তিনি

এক উবারচালকের সংগীতপ্রতিভায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম দুনিয়া। দক্ষিণ আফ্রিকার এই উবারচালক অসাধারণ অপেরা সংগীত গেয়ে বিনোদন দিয়ে থাকেন যাত্রীদের।

বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর ডারবানের এই উবার চালকের অপেরা সংগীতের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রতিভাধর এই ব্যক্তির নাম মেনজি এনগোমা। মে মাসে এক যাত্রীর ধারণ করা তার অপেরার ভিডিওটি ফেসবুকেই দেখা হয়েছে ৬ লাখ ৬০ হাজারেরও বেশি।

২৭ বছর বয়সী মেনজি বিবিসিকে বলেন, “আমার জীবনে এ মুহূর্তে যা ঘটছে তা নিয়ে আমি খুবই উত্তেজিত। মানুষ আমাকে চিনতে পারছে, আমার সঙ্গে ছবি তুলছে।”

তিনি বলেন, “টিভি চ্যানেলে প্রতিবেদন এবং পত্রিকায় আমার ছবি প্রকাশ পাচ্ছে, রেডিওতে সাক্ষাৎকার যাচ্ছে। এটি আমার জন্য বিশেষ পাওয়া।”

জোহানেসবার্গ থেকে তার ট্যাক্সিতে চড়া ব্যবসায়ী কিম ড্যাভি আবিষ্কার করেন মেনজিকে। তিনিই ভিডিও করেন তার অপেরা। গাড়ি চালাতে চালাতে এই তরুণ জোর গলায় গাইছিলেন অপেরা। মেনজির সঙ্গে ছবিও তুলেন এ নারী।

ড্যাভি বলেন, “আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না, একটি মানুষের এমন মেধা, অথচ সেটি কাজেই লাগছে না।”

এই ট্যাক্সিচালক সম্পর্কে তিনি বলছেন, “নতুন সংসারের খরচ জোগাতেই সে উবার চালাতে বাধ্য হয়েছে। দেশের সংগীতশিল্পীদের সুযোগ কম থাকায় এ কাজ বেছে নিতে হয়েছে তাকে।”

এদিকে অপেরার ভাইরাল হয়ে পড়ায় মেনজি এখন রীতিমতো তারকায় পরিণত হয়েছে। দেশটির অপেরা হাউসগুলোও তাকে কাজে নিতে আগ্রহী হয়ে পড়ে।

শেষমেশ কেপটাউন অপেরা নামক একটি হাউস তাকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। মেনজির একক অপেরা রেকর্ডিংও করেছে তারা। সেই সঙ্গে জোহানেসবার্গে জাতীয় পর্যায়ের একটি অপেরা অ্যাওয়ার্ডে গাইবেন তিনি।