মাদারীপুরে ক্রেতা সেজে ডিবি পুলিশের অভিযান, দুই মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় ছদ্মবেশে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় মনির হোসেন (৩৭) ও শাখাওয়াত (৩৩) নামে দুই যুবককে আটক করে। তল্লাসী চালিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থান থেকে দুটি প্যাকেটে লুকিয়ে রাখা ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মনির গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার খায়েরহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং শাখাওয়াত শেখ ফরিদপুরের বোয়ালমারি উপজেলার হাটখোলারচর এলাকার আকমল শেখের ছেলে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবু নাইম জানান, এই চক্রটি বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ করে থাকে। চক্রটিকে ধরতে গোয়েন্দা পুলিশ ক্রেতা সেজে ৫০০ পিস ইয়াবাসহ তাদেরকে হাতে-নাতে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে শিবচর থানায় মামলা দায়ের পর আটককৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।