শেরপুরে রেললাইনের দাবিতে গণস্বাক্ষর স্মারকলিপি

শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে রেললাইনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকালে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিকেলে প্রায় ১০ হাজার মানুষের স্বাক্ষর-সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

নাগরিক সংগঠন জন-উদ্যোগ শেরপুর কমিটি আয়োজিত এ গণস্বাক্ষর কর্মসূচিতে রেললাইনের দাবির সমর্থনে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্বাক্ষর দেন। গণস্বাক্ষর কর্মসূচি চলাকালে শেরপুরে দ্রুত রেললাইন স্থাপনের দাবিতে ঐকমত্য প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং সুধীজন বক্তব্য দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শেরপুরে রেলপথ স্থাপনে ব্রিটিশ সরকার ১৯৩০-৪০-এর দশকে প্রথম পরিকল্পনা গ্রহণ করলেও ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত-পাকিস্তান বিভক্তির পর বিষয়টি চাপা পড়ে যায়। ২০১৪ সালের ৮ জুন তৎকালীন রেলমন্ত্রী পিয়ারপুর থেকে শেরপুরে রেলপথ স্থাপনের ঘোষণা দেন। তা আজও আলোর মুখ দেখেনি কোনো পরিকল্পনা ও ঘোষণা।