যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরক পদত্যাগ করেছেন। গতকাল বুধবার তার পদত্যাগের ঘোষণা দেয় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সিমন ম্যাকডোনাল্ড এক চিঠিতে বলেন, “ডেরক ইমেইল ফাঁস নিয়ে বিতর্কের মধ্যে ‘নিজের মতো করে দায়িত্ব পালন করতে পারছেন না’ বলে জানিয়েছেন।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে পাঠানো ইমেইল ফাঁস এবং তা নিয়ে শুরু হওয়া বিতর্কের মুখে বুধবার তিনি পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে ডেরক বলেন, ‘ওয়াশিংটনের দূতাবাস থেকে সরকারি নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার পর আমার পদ ঘিরে এবং রাষ্ট্রদূত হিসেবে আমার বাকি মেয়াদ নিয়ে নানা জল্পনা চলছে। আমি এ জল্পনা-কল্পনার অবসান ঘটাতে চাই। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমি যেভাবে আমার দায়িত্ব পালন করতে চাই সেটা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে।’

সম্প্রতি লন্ডনে পররাষ্ট্র দপ্তরে পাঠানো ইমেইলে ডেরক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাশাসনকে ‘অকর্মা’ ‘অযোগ্য’ এবং ‘তালগোল পাকানো’ বলেছিলেন। গত রবিবার ডেইলি মেইল পত্রিকায় ডেরকের ওই ইমেইলগুলো প্রকাশ পাওয়ার পর ‘বিশেষ বন্ধুত্ব’ থাকা দুই দেশের মধ্যে টানাপড়েন শুরু হয়। এদিকে ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।