গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যু

সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার গভীর রাতে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ছেলে অপূর্ব জাহাঙ্গীর। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসিসে (রক্তের ক্যানসার) ভুগছিলেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সত্তরের দশকে পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে যুক্ত হন টেলিভিশনে। নব্বইয়ের দশকের শেষ দিকে বিটিভির লাইভ আলোচনা অনুষ্ঠান ‘অভিমত’-এর সঞ্চালক ছিলেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনেও তার বিচরণ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছিলেন।