নায়াগ্রা জলপ্রপাতে পড়েও বিস্ময়করভাবে বেঁচে গেলেন তিনি

নায়াগ্রা জলপ্রপাতে পড়ে গিয়ে বিস্ময়করভাবে বেঁচে গেল এক ব্যক্তি। পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাতটির ৫৭ মিটার নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় নায়াগ্রার কানাডার অংশ হর্সশু ফল্সে পড়ে যায় ওই ব্যক্তি।

স্থানীয় পুলিশ এক টুইটার বার্তায় জানায়, জলপ্রপাতে পড়ে যাওয়ার আগে তাকে নিরাপত্তা দেওয়ালের ওপরে চড়তে দেখা যায়।

নায়াগ্রার নিচে গর্জনরত নদীর একটি পাথরের ওপরে বসে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি।

ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি এখনো পুলিশ। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওনতারিওর মেয়র জিম ডিওডাটি স্থানীয় পত্রিকায় মন্তব্য করেন, নায়াগ্রার একেবারে উঁচু থেকে কেউ পড়ে গেলে মানুষ বেঁচে যায় এমনটাই বিশ্বাস করেন তিনি।

তিনি বলেন, “খুব উঁচু থেকে পড়লে বাঁচার সুযোগ থাকে বেশি। এতে নিচের পাথরগুলোকে সহজে এড়িয়ে দূরে গিয়ে পড়ে মানুষ। এ ঘটনায় ভাগ্যক্রমে এটাই ঘটেছে।”