অনিশ্চয়তার মধ্য দিয়েই দলকে জয়ের খুব কাছে নিয়ে যাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। তার রান-আউটে নিভে যায় ভারতের আশার প্রদীপ।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারে ভারত। অন্যতম শিরোপা প্রত্যাশী দল হয়েও ফাইনালে পৌঁছাতে পারল না তারা।
জয় থেকে দল মাত্র ২৪ রান দূরে। হাতে বল ছিল ৯টি। ধোনি উইকেটে ছিল বলে তখনো স্বপ্ন দেখছিল ভারত সমর্থকরা। কিন্তু ঠিক তখনই মার্টিন গাপটিলের ‘জাদুকরী’ এক থ্রোয়ে রান-আউট হয়ে যান ধোনি।
টিভিতে দেখা যায়, আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় ধোনির মুখে রাজ্যের হতাশা। মনে হচ্ছিল, তিনি হয়তো কাঁদছেন! তার এই দৃশ্য দেখেই টুইটারে ঝড়।
মনে করা হচ্ছে, এটাই ধোনির শেষ বিশ্বকাপ। এখনই তার ৩৮ বছর বয়স। চার বছর পর ধোনি দলে থাকবেন বলে মনে করা হচ্ছে না। তাই শেষ বিশ্বকাপ জিততে না পারার ব্যর্থতাতেই কি এই কান্না?
ধোনির কান্নার ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছেন সমর্থকরা। কেউ লিখেছেন, “চ্যাম্পিয়নরা কখনও কাঁদে না। তুমি আমাদের দুটো বিশ্বকাপ দিয়েছ।”
কারও লেখায়, “আমরা তোমার সঙ্গে আছি।” আরেকজন লিখেছেন, “তোমার কান্না দেখে আমরাও কাঁদছি।” অন্য এক টুইটে লেখা, “আমাদের আনন্দ করার প্রচুর মুহূর্ত দিয়েছ তুমি। তাই কেঁদো না।”
ধোনিকে আবেগে ভেসে যেতে দেখা যায় না সাধারণত। সেখানে তার কান্না কিছুটা বিরল ছবি। তাই ধোনির এই ছবি ছুঁয়ে গিয়েছে সবার হৃদয়। টুইটে তাই লেখা হয়েছে, “১২৫ কোটি মানুষ তোমার সঙ্গে আছে।”