পরিত্যক্ত গাড়ি মেরামতের আড়ালে মাদক পাচার, আটক ৪

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি এসি বাসে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-২।  এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

অভিযান শুরু হয় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে। ওই সময় বাসের পেছনের বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বক্স থেকে মাদক উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-২ এর মিডিয়া উইংয়ের প্রধান মহি উদ্দিন  ফারুকী বলেন, “যশোরের চৌগাছা থেকে এই মাদকের চালানটি এসেছে। এই গাড়ির অনেকগুলো সিট ভাঙা। গাড়ির ভেতরে বাঁশ, রশি দিয়ে এমন একটি আবহ তৈরি করা হয়েছে যেন বাসটি পরিত্যক্ত। বাসটিকে ঢাকায় আনা হচ্ছে ঠিক করার জন্য। কিন্তু এর আড়ালে বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে এরা ঢাকায় আসছিল।”

তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করি। গাড়িটিতে কোনো পরিবহন কোম্পানির ব্যানার নেই। এ পর্যন্ত তিন থেকে চারবার ঢাকায় মাদকের চালান নিয়ে এসেছে বলে জানিয়েছে তারা।”

র‍্যাবের হাতে আটক হওয়া চারজন হলেন যশোরের মোহন (২৫), বাবলু (২৮),  আসাদুল (৩০) ও ঝিনাইদহের রুবেল (২৭)।  এদের মধ্যে দুজন মাদক ডিলার।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‍্যাব।