সাবেক স্বামীর বিরুদ্ধে আবারও মামলা করলেন মিলা

সাবেক স্বামীর সঙ্গে কণ্ঠশিল্পী মিলার মামলা-পাল্টা মামলা চলছেই। কিছুদিন আগেই মিলার স্বামী সানজারি মিলার বিরুদ্ধে মামলা করেন। তার রেশ কাটতে না কাটতেই মিলাও মামলা করলেন সানজারির বিরুদ্ধে। মিলা এবার মামলা করেছেন ডিজিটাল আইনে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন মিলা । ১১ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে তিনি এ মামলা করেন।

মামলার অন্য ২ আসামিরা হলেন মিলার প্রাক্তন স্বামী পারভেজ সানজারির আপন ভাই এসএমআর রহমান এবং সানজারির মামাতো ভাই খান আল আমিন। বাদীপক্ষের আইনজীবী এইচ এম তানভীর ও বারের বর্তমান সেক্রেটারি আসাদুজ্জামান খান রচি এ মামলার শুনানি করেন। মামলার করার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেছিলেন। মামলার পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে কয়েক দিন আগে অ্যাসিড হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে পারভেজ সানজারিও মিলার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে রয়েছেন মিলা।