ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের করা দুধ গবেষণা নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশের এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সম্মতি জানিয়ে ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবদুর রহমান বলেন, ‘সচিব বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকের গবেষণা নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আসলে খুবই অপমানজনক। ঢাবির একজন শিক্ষক গবেষণা করবেন। কিন্তু সে গবেষণার ফলকে যাচাই-বাছাই না করে হুমকি দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জনস্বার্থে কীভাবে গবেষণা করবেন? ওই শিক্ষকের গবেষণার ফল সত্য না মিথ্যা তা পরীক্ষার জন্য আরেকটি গবেষণা দরকার। তা প্রমাণ না করে কেউ মন্তব্য করতে পারে না।’
গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক আ ব ম ফারুকসহ ফার্মেসি অনুষদের কয়েকজন শিক্ষক বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি প্যাকেটজাত (পাস্তুরিত) দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পান।