আগেই নিশ্চিত ছিল বিশ্বকাপের পর পরই বিয়ের পিঁড়িতে বসবেন লিটন দাস। সেভাবেই এগুচ্ছেন বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই জন্য ছুটি চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে লম্বা সময়ের জন্য দেশ ছাড়ার প্রায় দুই সপ্তাহ আগে আশীর্বাদ সম্পন্ন করে গিয়েছিলেন লিটন। তখনই জানা গিয়েছিল বিয়ের মূল আয়োজন হবে জুলাইয়ে। বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ জুলাই। আগামী ৫ আগস্ট পর্যন্ত ছুটির আবেদন করেছেন লিটন।
আগামী ২৬ জুলাই শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শেষ হবে ৩১ জুলাই। ছুটি পেলে এই সিরিজে খেলা হবে না লিটনের। শুক্রবারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।