‘জয় শ্রীরাম’ বলিয়ে খুন করা তাবরেজকে চিকিৎসাও দেয়া হয়নি

জোর করে ‘জয় শ্রীরাম’ বলিয়ে পিটিয়ে মেরে ফেলা সেই তাবরেজ আনসারি সঠিক চিকিৎসা পেলে বেঁচে যেতেন বলে জানিয়েছে তদন্তকারীরা। মৃত্যুর আগে চোর অপবাদ দিয়ে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয় ভারতের ঝাড়খণ্ডের ওই মুসলিম যুবককে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মারধরের পর প্রায় চারদিন জেলে আটকে রাখা হয়েছিল তাবরেজকে। সেটি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই যুবক বেঁচে যেতে পারত।

কর্মসূত্রে অন্য রাজ্যে থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা তাবরেজ। ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন তিনি। মাসখানেক আগে বছর চব্বিশের তাবরেজ বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন।

রাস্তায় বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে। শুধুমাত্র সন্দেহের বশে ‘চোর’ বলে তকমা দেওয়া হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা বেধড়ক মারধর করা হয়। এরপর ‘জয় শ্রীরাম’ এবং ‘জয় হনুমান’ ধ্বনিও দিতে বাধ্য করা হয়।