প্রবল বৃষ্টিতে ভেসে গেল মিষ্টি কুমড়া (ভিডিও)

রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার প্রবল বৃষ্টিতে অনেক মিষিট কুমড়া ভেসে যেতে দেখা গেছে। 

জানা গেছে, দুপুরের বৃষ্টিতে তলিয়ে যায় যাত্রাবাড়ী সবজির আড়ত। বৃষ্টির সঙ্গে তীব্র পানির স্রোতে মিষ্টি কুমড়া, কচু, কাঁঠালসহ সব সবজি ভেসে যায়। ব্যাপারীরা ভিজে ভিজে সেগুলো তুলে আনতে দেখা যায়।

সবজির আড়তের ব্যবসায়ী আয়নাল হোসেন জানান, তারা রাস্তার পাশে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি ও কাঁঠাল স্তূপ দিয়ে রাখেন। হঠাৎ শুরু হওয়া বৃষ্টির সঙ্গে ফ্লাইওভার থেকে পানির স্রোত নেমে আসে। সেই স্রোতে ভেসে যায় সবজি ও ফল।

শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ সড়ক পানিতে তলিয়ে যায়। ছুটির দিনেও রাস্তায় দেখা দেয় তীব্র যানজট, এর সঙ্গে যুক্ত হয় যানবাহন সংকট।