‘নিজের শেকড়কে জানো, নিজেকে সমৃদ্ধ করো’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ১ম আঞ্চলিক ইতিহাস অলিম্পিয়াড ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন ‘মুক্ত আসর’র তত্ত্বাবধায়নে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির আয়োজনে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।
এ সময় বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কমিটির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ভূঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, সম্পাদক মন্ডলির সদস্য সাহাদাত পারেভজ, আশফাকুজ্জামান, মাহমুদ ইকবাল প্রমুখ।
এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা উত্তর, সাভার, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির প্রায় চার শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এরপর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।
সভায় কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘দীর্ঘদিনের সংগ্রামে গড়ে তোলা ইতিহাস একটি জাতির পরিচয়কে তুলে ধরে। বাঙালি জাতি ইতিহাসে সেই পরিচয়ের জায়গাটা গড়ে তুলেছে। যার মাধ্যমে আমরা বিশ্বের দরবারের মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ‘
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেলিনা হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু জাতিসংঘে দাঁড়িয়ে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। যা বাঙালিকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছে। তাই নিজের পরিচয়ের প্রশ্নে তোমরা কখনোই নিজেকে ক্ষুদ্র মানুষ মনে করবে না।‘
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এমরান জাহান বলেন, ‘ইতিহাস একটি জাতির গৌরব। দেশ, ঐতিহ্য, সংগ্রাম, লোকসংস্কৃতি- এসব মিলেই ইতিহাস। নিজের শিকড়কে জেনে নিজেকে সমৃদ্ধ করা প্রত্যেক ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেজন্য ইতিহাসের চর্চা থাকতে হবে। এ ধরনের আয়োজন সে পথকে সুগম করে।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল বলেন, ‘মানুষকে মানসিকভাবে দৃঢ় হতে হলে নিজের শেকড়ের ইতিহাস জানতে হবে। জানতে হবে প্রোমিথিউসের ইতিহাস, কেন তিনি সূর্যকে ছিনিয়ে এনেছিলেন।’
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক।
এরপর চারটি ক্যাটাগরিতে পরীক্ষায় অংশ নেওয়া শীর্ষ ১০ জন করে চারটি ক্যাটাগিরতে মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।