এ দেশের ক্রীড়া সাংবাদিকতার
পথিকৃৎদের একজন তিনি। ১৯৭৪ সালে ক্রীড়া প্রতিবেদক হিসেবে দৈনিক সংবাদে শুরু করেছিলেন পথচলা। ৪৫ বছর সেই সংবাদেই কাটিয়ে গতকাল না ফেরার দেশে পাড়ি জমালেন পত্রিকাটির ক্রীড়া সম্পাদক অজয় বড়–য়া। গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টা ২০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইংল্যান্ডে বিশ্বকাপ কাভার করতে গত ৩১ মে সস্ত্রীক দেশ ছেড়েছিলেন তিনি। জুনের শেষভাগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন জ্বরে ভোগার পর তাকে ২৩ জুন ভর্তি করা হয়েছিল লন্ডনের কিং জর্জ হাসপাতালে। সেখানে নিউমোনিয়া, হৃদরোগ ও অন্যান্য জটিলতা ধরা পড়লে তাকে স্থানান্তর করা হয় সেন্ট বার্টস হাসপাতালে। সেখানেই ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে কাল সকালে হেরে যান অজয় বড়–য়া। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অজয় বড়–য়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অজয় বড়–য়া। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে এসএসসি, ইন্টারমিডিয়েটের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই খেলাধুলা করতেন তিনি। বিশ্ববিদ্যালয় ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পশ্চিম পাকিস্তান সফর করেন। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় বিশ্ববিদ্যালয় থেকে ব্লু পদক অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়ায় মনোনিবেশ করেন। স্বাধীনতার পর থেকেই ক্রীড়া ও বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। ১৯৭৪ সালে দৈনিক সংবাদে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। মৃত্যু অবধি তিনি সংবাদের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। পেশাগত জীবনে তিনি অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তার হাত ধরে অনেকে ক্রীড়া সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।