ধর্ষণকারীদের বিচার দাবিতে ঢাবিতে কর্মসূচি অব্যাহত

সারা দেশে ধর্ষণের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। গতকাল শুক্রবার ঢাবিতে যৌথভাবে মানববন্ধন করেছে দুটি সামাজিক সংগঠন। সকালে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করে তারা। এ নিয়ে চতুর্থ দিনের মতো এ ধরনের কর্মসূচি পালিত হলো ঢাবি এলাকায়।

গতকাল সেন্টার ফর ম্যান অ্যান্ড ম্যাসকিউলিনিটিজ স্টাডিজ (সিএমএমএস) এবং জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ বাংলাদেশ সংগঠন নামে দুটি সংগঠনের নেতারা ধর্ষণের বিচার চেয়ে এই মানববন্ধন করেন। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষকদের মধ্যে ছিলেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইফতেখারুল আমিন।

বক্তারা চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেন। তাদের কয়েকজন বলেন, গত সাত দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ছয় শিশুকে দলবেঁধে ধর্ষণ, পাঁচ শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও তিন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।