বৃক্ষরোপণের জন্য শিগগিরই সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছে তুরস্ক। দেশের নাগরিকদের গাছ লাগানোর প্রতি উটসাহী করে তুলতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, গাছ লাগানোর প্রতি আহবান জানিয়ে এনেস সাহিন নামে এক নাগরিক টুইটারে প্রচারণা শুরু করেন। তার এ আহবান পুরো দেশে সাড়া ফেলে। এমনকি সরকারও গুরুত্ব সহকারে নেয় সেটি।
গাছ লাগানোর জন্য ছুটির দিনের জন্য এ প্রস্তাব দেন সাহিনই। টুইটারে তিনি লেখেন, “একটি চিন্তা এসেছে। ট্রি প্ল্যান্টিং হলিডে (গাছ লাগাতে ছুটির দিন) ঘোষণা করছি না কেন আমরা? এদিন দেশের ৪ কোটি ২০ লাখ মানুষ সবাই গাছ লাগাবে। শিশু থেকে বৃদ্ধ সবাই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ দেশ রেখে যাওয়ার একটি দৃষ্টান্ত স্থাপন হোক।”
সাহিনের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তার এ পোস্টে কয়েক ঘণ্টায় সাড়ে ৫ লাখ লাইক ও কমেন্ট পড়ে। সেইসঙ্গে নজর কাড়ে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের।
তুরস্কের সবচেয়ে কমবয়সী এমপি রুমেইসা কাদাক বলেন, “এটি তো অসাধারণ চিন্তা। আগামী দিনে এটি হবে আমাদের এজেন্ডা। তুরস্ককে সবুজ করে তুলতে শিগগির নতুন কিছু গ্রহণ করতে যাচ্ছি আমরা।”
একপর্যায়ে সাহিনের এ বার্তা পৌঁছে যায় প্রেসিডেন্ট এরদোয়ান পর্যন্ত। তিনি এ তরুণের চিন্তা দারুণভাবে লুফে নেন।
তাকে ধন্যবাদ দিয়ে এরদোয়ান বলেন, “এটা তো চমৎকার চিন্তা। আমরা সবাই সবুজ তুরস্ক গড়ে তুলতে কাজ করব। আমি এবং আমার সরকার নিশ্চিত করছি যে, শিগগিরই গাছ লাগানোর জন্য একটি সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে।”