ছবিটিতে বাস্তব গল্প দেখানো হবে

প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। তার নতুন ছবির নাম ‘আদম’। এ ছবিতে ঐশীর সঙ্গে জুটি গড়বেন ‘স্বপ্নজাল’ খ্যাত নায়ক ইয়াশ রোহান।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় এফডিসিতে অনুষ্ঠিত হয় ‘আদম’ ছবির মহরত। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, এনডিসি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আরও উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলী ও সংশ্লিষ্টরা। ইয়াশ রোহান, ঐশী ছাড়াও আরও অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফ্ফান মিতুল, রঙ্গন হৃদ্য প্রমুখ।

পরিচালক জানান এ ছবিতে আশির দশকের একটি বাস্তব গল্প তুলে ধরা হয়েছে। ছবির ট্যাগ লাইন ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান।’

ছবিটি পরিচালনা করবেন আবু তাওহীদ হিরণ। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাসুদ পারভেজ। তামিম হোসেনের প্রযোজনায় ছবির শুটিং শুরু হবে আগস্ট মাসে।