সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেল বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। হামলায় নিহতদের মধ্যে দেশটির একজন বিশিষ্ট সাংবাদিক ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া ও তানজানিয়ার নাগরিকরাও আছেন বলে জানিয়েছেন জুব্বাল্যান্ড অঞ্চলের প্রেসিডেন্ট আহমেদ মোহামেদ।
গত শুক্রবার বন্দর শহর কিসমায়ুর আসাসে হোটেলে এ হামলায় পুলিশ প্রাথমিকভাবে ১৩ জন নিহতের খবর দিয়েছিল। বন্দুকধারীদের হামলার সময় হোটেলের ভেতর বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ নেতা ও রাজনীতিবিদরা আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন। নিহতদের মধ্যে ওই প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীও আছেন বলে বিবৃতিতে জানিয়েছেন আহমেদ।
স্থানীয় গণমাধ্যমগুলো হামলায় নিহতদের মধ্যে ৪৩ বছর বয়সী সোমালি-কানাডীয় টিভি সাংবাদিক হোদান নালায়েহ ও তার স্বামী, একজন সাবেক মন্ত্রী ও এক আইনপ্রণেতাও আছেন বলে জানিয়েছে। কর্মকর্তারা জানান, আত্মঘাতী এক হামলাকারী প্রথমে হোটেলের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।