হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি ওজনের ৩৮টি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক হেলপার এমদাদ হোসেন চৌধুরীকে (৪৬) গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বিমানবন্দর আর্মড পুলিশের এএসপি আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, গতকাল দুপুর দুইটার দিকে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের বাইরে থেকে ওই সোনাসহ এমদাদকে আটক করা হয়।
একটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোনার বারগুলো আসে। এমদাদ বাহক হিসেবে কাজ করছিলেন। বিমানবন্দর থানায় এমদাদকে সোপর্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জব্দ সোনার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।