আদাবরে পাঠাওচালক জুয়েল হত্যায় তিনজন রিমান্ডে

রাজধানীর আদাবরে রাইড শেয়ারিং মোটরসাইকেল সেবা পাঠাওয়ের চালক মো. জুয়েল হত্যায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেÑ লিটন, জাকির ও সাইদুল। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তার ৩ আসামির মধ্যে লিটন ও জাকির এজাহারভুক্ত আসামি। সন্দেহভাজন হিসেবে সাইদুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী নিহতের স্ত্রী আরজিনা বেগম তাকে শনাক্ত করেছেন। এখন তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানার চেষ্টা চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন আরজিনা।