ফাইনালেও ব্যর্থ গাপটিল

এবারের বিশ্বকাপে নামের প্রতি মোটেও সুবিচার করতে পারলেন না নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ব্যর্থ হলেন ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালেও।

লর্ডসে রোববার শিরোপা জয়ের লড়াইয়ে থিতু হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছিলেন গাপটিল। কিন্তু বড় ইনিংস খেলার আগেই ফিরতে হয়েছে তাকে। ইংলিশ পেসার ক্রিস ওকসের করা সপ্তম ওভারের দ্বিতীয় বলটি ঠিক মতো খেলতে পারেননি গাপটিল। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন অভিজ্ঞ এই কিউই ব্যাটার। রিভিও নিয়েও পার পাননি গাপটিল (১৯)। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচগুলোতে ব্যর্থ গাপটিল। পরের নয় ইনিংসের মধ্যে একটিতেও ফিফটির দেখা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান।