লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করে ফেরদৌসের ভিসা। সে কারণেই আটকে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘দত্তা’ ছবির শুটিং। তবে বাংলাদেশি নায়ককে নিয়ে একেবারে আশা ছাড়েননি নির্মাতা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মাত্র ২০ ভাগ এগিয়েছিল সিনেমাটির দৃশ্যায়ন। মূলত ফেরদৌসের কারণেই বাকিটাতে এখনো হাত দিতে পারেননি পরিচালক নির্মল চক্রবর্তী।
তিনি মাস দু-এক আগে বলেছিলেন, “আমার ছবির প্রায় ৮০ শতাংশ ইনডোরের কাজ বাকি। জুনে আবার শুটিং শুরুর পরিকল্পনা আছে। আশা করছি তত দিনে সবকিছু মিটে যাবে। প্রায় ২০ বছর ধরে ফেরদৌস কলকাতায় আসছে, কাজ করছে। একটা নির্বাচনী প্রচারে অংশ নিয়েছে, তার জন্য ক্ষমাও প্রার্থনা করেছে। মনে হচ্ছে ঠিক হয়ে যাবে।”
কিন্তু জুন পেরিয়ে জুলাই, এখনো ইতিবাচক কোনো সিদ্ধান্তের লক্ষণ দেখা যাচ্ছে না।
সম্প্রতি নির্মল চক্রবর্তী বলেন, “যে বাড়িটাতে শুটিং করব সেটা প্রায় অক্টোবর পর্যন্ত বুক রয়েছে। সুতরাং, আমাদের হাতে খানিকটা সময় রয়েছে। তারপরও ফেরদৌস ভারতে আসতে না পারলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। তবে এখনই কিছু গুরুতর ভাবছি না।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দত্তা’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ১৯৭৮ সালে অজয় কর একই উপন্যাস থেকে ছবি নির্মাণ করেন। সেখানে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনকে দেখা গিয়েছিল বিজয়ার চরিত্রে। সঙ্গে ছিলেন শমিত ভঞ্জ ও সৌমিত্র চট্টোপাধ্যায়।
নতুন এই ছবিতে ঋতুপর্ণা-ফেরদৌস ছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত ও বিশ্বজিৎ চক্রবর্তী।