চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের চাই ২৪২

ইংল্যান্ডের বোলিং তোপে বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করে বড় লক্ষ্য গড়তে পারল না নিউজিল্যান্ড। লর্ডসে স্বাগতিকদের ২৪২ রানের লক্ষ্য দিল কিউইরা।

রোববার আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪১ রান করতে পানে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস সর্বোচ্চ ৫৫ ও টম ল্যাথাম ৪৭ রান করেন। এ ছাড়া উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৩০ রান। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন জোফরা আর্চার ও মার্ক ওড।

দুই দলের সামনেই বিশ্বকাপের প্রথম শিরোপার হাতছানি। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলছে নিউজিল্যান্ড। ২০১৫ সালে প্রথমবার ফাইনালে উঠলেও হতাশ হতে হয় তাদের। এর আগে ছয়বার সেমিফাইনাল থেকেই বিদায় নেয় দেশটি।

আর ২৭ বছর পার ফাইনালে জায়গা করে নেওয়া ইংল্যান্ড এর আগে তিনবার ফাইনালে খেললেও শিরোপা থেকে গেছে অধরা। এদিন জয় পেলে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপের ফাইনালের হার ভুলে নতুন অধ্যায় সৃষ্টি করবে ইংলিশরা।

এবারের আসরে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন বোলাররা। ব্যাটিংটা আসর জুড়েই ভুগিয়েছে তাদের। সেমিফাইনালেও ২৩৯ রানের পুঁজি গড়ে দলটি। এদিন অবশ্য তার চেয়ে দুই রান বেশিই যোগ করতে পারল স্কোর বোর্ডে। তবে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখতে হলে বোলারদেরই কাঁধে তুলে নিতে হবে দায়িত্ব।

গত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক মার্টিন গাপটিল এবারের আসর জুড়েই রান খরায় ভুগছিলেন। ফাইনালেও ব্যর্থতার পরিচয় দিলেন দিলেন। থিতু হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু বড় ইনিংস খেলার আগেই দলীয় ২৯ রানে ফিরতে হয়েছে তাকে।

ইংলিশ পেসার ক্রিস ওকসের করা সপ্তম ওভারের দ্বিতীয় বলটি ঠিকমতো খেলতে পারেননি গাপটিল। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। রিভিউ নিয়েও পার পাননি। ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ১৯ রান।

এর পর তিন নম্বরে নেমে ‍অধিনায়ক কেন উইলিয়ামসন জুটি বাঁধলেন আরেক ওপেনার হেনরি নিকোলসের সঙ্গে। এই দুইয়ের ব্যাটে ২১.২ ওভারে এক শ পেরোয় কিউইরা। কিন্তু পরের ওভারেই লিয়াম প্লাঙ্কেটের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন উইলিয়ামসন। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নেয় ইংল্যান্ড। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। ৫৩ বলে ২ চারে ৩০ রান করেন উইলিয়ামসন। নিকোলসের সঙ্গে ৭৪ রানের জুটি ছিল তার।

অন্য প্রান্তে নিকোলস আসরে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন। কিন্তু এর পরপরই প্লাঙ্কেটের করা ২৭তম ওভারে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। ১১৮ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফের বিপাকে পড়ে কিউইরা। ৭৭ বলে ৪ চারে ৫৫ রান করেছেন নিকোলস।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে ইংলিশরা। বড় কোনো জুটি গড়তে পারেনি নিউজিল্যান্ড। সঙ্গীহীন লড়াই করে গেলেন টম ল্যাথাম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৪৯তম ওভারে ফেরার আগে ৫৬ বলে ৪৭ রান করেন। এর আগে থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে ব্যর্থ ছিলেন রস টেলর (১৫), জেমস নিশাম (১৯), কলিন ডি গ্র্যান্ডহোম (১৬)।