রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ঢাকায় স্থানান্তরের বিষয়টি গুজব: উপাচার্য

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ঢাকায় স্থানান্তরের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষ।

একশ কোটি টাকা ব্যয়ে ঢাকায় জায়গা কেনার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে উপাচার্য বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্ত ছড়াতে এ ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

রোববার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অভিষেক ও নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে। এটি শাহজাদপুরেই থাকবে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এর হলরুমে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড.বিশ্বজিৎ ঘোষ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। আদালতে যে মামলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।