বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। 

রোববার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এমনটা জানান তিনি। 

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার যে কর্মসূচি গ্রহণ করেছে তা সফল হবে। কোরিয়া বাংলাদেশের এই উন্নয়নযাত্রায় পাশে থাকবে।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে লি নাক-ইয়োনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আবদুল হামিদ।

সাক্ষাতে সময় আবদুল হামিদ বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি বাংলাদেশের রপ্তানি প্রকিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) আরও বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কোরিয়া এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে অনেক মিল রয়েছে। কোরিয়ার উন্নয়ন দেখে বাংলাদেশ উৎসাহিত।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। টেক্সাইল খাত দিয়ে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক শুরু হলেও এখন এটি বিভিন্ন খাতে বিস্তৃত।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন লি নাক ইয়োন।