যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলে হামলা শিক্ষক লাঞ্ছনার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে (গালুয়া স্কুল) হামলা, ভাঙচুর ও দুই শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ উঠেছে গালুয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ জিয়াউদ্দিন রেজবির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজাপুর-ভা-ারিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধের চেষ্টা করে। হামলার বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে শিক্ষক ও পুলিশ পরিস্থিতি শান্ত করে।

কিছুদিন আগে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওই যুবলীগ নেতা সৈয়দ জিয়াউদ্দিন রেজবির ছেলে স্কুলের দশম শ্রেণির ছাত্র রাফিম আহম্মেদ তামিমের সঙ্গে স্থানীয় কাছেম শরীফের ছেলে নাদিমের মারামারি হয়। এ ঘটনায় রেজবি স্কুলে গিয়ে মৌখিক অভিযোগ করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি দেখবেন বলে আশ^াস দেন। এ নিয়ে স্কুলের সভাপতির সঙ্গে আলাপ ও উভয় পক্ষকে নিয়ে সমঝোতার প্রস্তুতি চলছিল। গতকাল সকাল ৯টার দিকে রাফিম বিদ্যালয়ে যাওয়ার পথে শাহ মিয়ার হাট এলাকায় কয়েক জন তাকে কুপিয়ে জখম করে। ওই ঘটনার জেরে রেজবি তার অনুসারীসহ লাঠিসোটা নিয়ে স্কুলে হামলা ও ভাঙচুর করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হন ।

শিক্ষক সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘হঠাৎ রেজবি স্কুলে ঢুকে হামলা চালান ও আমার টেবিল ভাঙচুর করেন। এ সময় আমাকে ও কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’

এ ব্যাপারে সৈয়দ জিয়াউদ্দিন রেজবি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলেকে নিয়ে থানায় মামলা করা হবে ভেবে প্রতিপক্ষ স্কুলে ভাঙচুর করে উল্টো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’ রাজাপুর থানার এসআই মো. শাহজাদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।