আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। গতকাল রবিরার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন। স্ত্রী ইসরাতুন্নেসা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রিজভী আহমেদ তার সঙ্গে রয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের দেশ রূপান্তরকে বলেন, ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাচ্ছেন ওবায়দুল কাদের। ১৭ জুলাই তিনি দেশে ফিরতে পারেন।
গত ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়।