পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় খোকন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি কে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ।

শনিবার রাতে কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। পদ্মা সেতু নিয়ে মাথা কাটা থেকে সাবধান এবং একটি বিশেষ সংবাদ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিতে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে মানুষের মাথা খুব প্রয়োজন এবং মানুষের মাথা কেটে নেওয়া হচ্ছে এমন স্ট্যাটাস দিয়ে ‘খোকন মিয়া’ নামক ফেইসবুক আইডিতে প্রচার করা হয়। যা শনাক্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট মনিটরিং টিম। বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে আটক করে কুমিল্লা জেলা পুলিশ।

এটি দেশের আলোচিত ঘটনা হওয়ায় রবিবার সকালে এ বিষয়ে প্রেস কনফারেন্স করে ঘটনা তুলে ধরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

প্রেস কনফারেন্সে তিনি জানান দেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর গুজব তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছে । সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু তৈরীতে লক্ষাধিক মানুষের মাথা লাগবে এমন গুজব একটি কুচক্রী মহল সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে দেশের জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাঁগ্রস্থ করছে। এই তথ্য কুমিল্লা জেলা পুলিশের নজরে আসার পর কুমিল্লা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট মনিটরিং শুরু করে।

তিনি জানান, খোকন মিয়া নামক ফেইসবুক আইডিতে গত ৬ জুলাই “মাথা কাটা থেকে সাবধান হুঁশিয়ার” নামক শিরোনাম এবং গত ১০ জুলাই “একটি বিশেষ সংবাদ, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিতে পদ্মা সেতু নির্মাণের লক্ষে মানুষের মাথা খুব প্রয়োজন এবং মানুষের মাথা কেটে নেওয়া হচ্ছে” শিরোনামে দুইটি সংবাদ ফেসবুকে প্রচার করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়ার পর কুমিল্লা জেলার তিতাস থানা এলাকার মাছিমপুর গ্রামে মৃত হাফিজ উদ্দিনের ছেলে খোকন মিয়া (৩৫) কে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম কর্তৃক আনুমানিক রাত সাড়ে ১০ টার সময় তিতাস থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেইসবুকে প্রচার করার কথা স্বীকার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।