অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, সিনেমাটির নাম ‘ফাইটার্স’। পরে জানা যায়, ‘ওয়ার’ তথা যুদ্ধ। আর টিজার জুড়ে পাওয়া গেল দুই নায়কের লড়াইয়ের দৃশ্য।
হৃতিক রোশন ও টাইগার শ্রফকে এর আগে একাধিক সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। নাচেও দারুণ পারদর্শী তারা। সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘ওয়ার’-এ নিজেদের ছাড়িয়ে গেছেন তারা। অন্তত সংক্ষিপ্ত টিজার সেই ইঙ্গিত দিচ্ছে।
আবেদনময় অবতারে তাদের সঙ্গে আছেন বাণী কাপুর। তারা কী কী করেছেন- তার পুরোটা দেখা যাবে ২ অক্টোবর।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ওয়ার’ সিনেমার গল্প নিয়ে কীভাবে এলো- সে বিষয়ে জানান টাইগার।
হলিউডের দুই জনপ্রিয় গোয়েন্দা ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ইথান হান্ট ও জেমস বন্ডকে মুখোমুখি দেখানোর লোভ থেকেই গল্পটি এসেছে। ইথান চরিত্রে বরাবরই আছেন টম ক্রুজ, অন্যদিকে ডেনিয়েল ক্রেগসহ একাধিক অভিনেতা বন্ডের জুতায় পা গলিয়েছেন নানা সময়ে। অবশ্য টাইগার খোলাসা করেননি- তিনি কোন চরিত্রের ছায়ায় নিজেকে সাজিয়েছেন।
এর আগে ‘বাগি’ সিরিজের দুই সিনেমায় তুমুল অ্যাকশনে দেখা গেছে টাইগারকে। আর সর্বশেষ সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ সিনেমায় মারপিট করেছেন হৃতিক, যা আবার হলিউডের ‘নাইট অ্যান্ড ডে’র রিমেক।
‘ওয়ার’-এর গল্প লিখেছেন পরিচালক আনন্দ ও প্রযোজক আদিত্য চোপড়া। চিত্রনাট্যে পরিচালকের সঙ্গে ছিলেন শ্রীধর রঘবন। আর ষষ্টবারের মতো আনন্দের সিনেমার জন্য সংগীত করেছেন বিশাল শেখর।